রাজধানীর বাজারে ডিমের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার এমন চিত্র দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে রুই মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ির দাম ৫৫০ থেকে ৯০০ টাকা। কিছু বড় আকারের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে, মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম রয়েছে ১০০ থেকে ১১০ টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা মো. সোহেল বলেন, 'ব্রয়লারের সরবরাহের উপরে দাম নিয়ন্ত্রণ হয়। যে দিন সরবরাহ বেশি সেই দিন দাম কম। আজকে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা বেড়েছে।'
বাজার করতে আসা ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, '২০০ টাকার নিচে কোনো মাছ নেই। চাষের মাছের দাম কিছুটা কম হলেও সামুদ্রিক মাছে তো হাতই দেওয়া যাচ্ছে না। '
ডিম ব্যবসায়ী মাসুম বলেন, 'ডিমের দাম আগের তুলনা কিছুটা কমেছে। এক ডজন সাদা ব্রয়লার মুরগির ডিমের দাম ১০০ টাকা আর ব্রাউন কালারের ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১২৫ থেকে ১৩০ টাকা ডজন ছিল।'
গৃহিণী নাসরিন আক্তার বলেন, 'সব মাছের দাম বেড়েছে। তেলাপিয়া ২৩০ টাকা কেজি। মানুষ খাবে কী? রুই কিনলাম ৩০০ টাকা কেজি।'
আরো পড়ুন: