সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছ ও মুরগির দাম। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মাসের শুরুতে সরবরাহের তারতম্যের কারণে মাছ ও মুরগির দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শনিবার (৪ জুলাই) রাজধানীর রামপুরা, গুলশান, বাড্ডাসহ আশপাশের কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
বাজারে কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, পটল, ঝিঙে, পেঁপেসহ বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। এসব সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকায়। তবে বেগুনের দাম বেড়ে কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা বেশি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৩০–১৪০ টাকায়।
মাছের বাজারে সবচেয়ে বেশি দামের মধ্যে রয়েছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০–২৬০০ টাকায়। ৬০০–৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০–১৭০০ টাকায়। এছাড়া রুই ও কাতল মাছ কেজিপ্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ৪০–৫০ টাকা বেশি। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৭০ টাকায়।
রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী সুপন বর্মণ বলেন, “ইলিশের দাম স্থিতিশীল থাকলেও রুই, কাতল ও তেলাপিয়ার দাম কিছুটা বেড়েছে। সরবরাহ কম থাকায় আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।”
মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা আগের তুলনায় ১০–১৫ টাকা বেশি। সোনালি মুরগির দাম ৩৪০–৩৫০ টাকা পর্যন্ত উঠেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
জোয়ার সাহারা বাজারের এক বিক্রেতা জানান, মাসের শুরুতে সরবরাহে পরিবর্তনের কারণে দাম কিছুটা বাড়ে। তবে চাহিদা কমে না, বরং অনেক সময় বিক্রি বাড়ে।
ক্রেতারা বলছেন, সবজির বাজার স্বস্তিদায়ক থাকলেও মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় খরচ সামলাতে কষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
আরো পড়ুন: