১১ দিনে ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, বাড়ছে প্রবাসী আয়

১১ দিনে ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, বাড়ছে প্রবাসী আয়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৩:১৭

চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনে দেশে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে, গত জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে—

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার

বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার

বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার

চলতি বছরের আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

এ ছাড়া এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের নতুন রেকর্ড।