ধাপে ধাপে বাস্তবায়ন হবে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম: অর্থমন্ত্রী

ধাপে ধাপে বাস্তবায়ন হবে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৭:৩৪

নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজনের ভিত্তিতে দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তি কী হবে, তা নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে যেসব নীতিগত বিষয় চিহ্নিত করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি সম্মান বজায় রেখেই অর্থনৈতিক সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী সংস্কারের বিষয়গুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখন যে পরিবর্তন প্রয়োজন হবে, তখন সেটিই করা হবে। ইতোমধ্যে অনেক ক্ষেত্রে পরিবর্তন এসেছে এবং বাকি সংস্কারগুলোও সময় ও বাস্তবতার আলোকে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার একবারে সম্পন্ন করার বিষয় নয়। দেশের পরিস্থিতি, অগ্রাধিকার এবং নির্বাচিত সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।