এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময়ের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময়ের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৪:৪৫

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে নির্ধারিত প্রস্তুতি সময়ের পুরো সুবিধা কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। অতিরিক্ত সময় চাওয়ার উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং উত্তরণ প্রক্রিয়াকে আরও কার্যকর, স্থিতিশীল ও টেকসই করা।

বাণিজ্যমন্ত্রী জানান, অতিরিক্ত তিন বছর সময় পাওয়া গেলে কাঠামোগত সংস্কার আরও শক্তিশালী করা, সুশাসন নিশ্চিত করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আর্থিক খাত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

এ ছাড়া অবকাঠামো উন্নয়ন ও একটি শক্তিশালী মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের ক্ষেত্রেও এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে থাকা বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে বাংলাদেশের মসৃণ ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।