স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২১ হাজার

স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২১ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১২:০১

আপডেট: ২১ জুলাই, ২০২৬ ১২:০৪

টানা দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন এ মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট মূল্যের সঙ্গে যুক্ত থাকবে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বাড়ানো হয়েছে, ৪৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা

সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা