টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজিই ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, গাজরের কেজি ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে পেঁপের দাম স্থিতিশীল রয়েছে; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। মিষ্টি কুমড়ার প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে গেছে। ফলে খেত থেকে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে বাজারের সরবরাহে। সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে প্রায় সব ধরনের সবজির।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ভারী বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ—দুই ক্ষেত্রেই সংকট তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও ৬০ থেকে ৭০ টাকায় যে সবজি কিনেছেন, এখন সেটিই প্রায় ১০০ টাকা বা তার বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
আরো পড়ুন: