টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অনেক সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও বেড়ে ৩০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, বিজয় সরণির কলমিলতা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, শসা ১২০ থেকে ১৩০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
এ ছাড়া পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে এখন ৮০ থেকে ৯০ টাকায় পৌঁছেছে। তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে শুধু পেঁপে, যার কেজি ৪০ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা কেজি দরে। ফলে দাম প্রায় ৩০০ টাকার ঘরে পৌঁছে গেছে।
পূর্ব শেওড়াপাড়ায় ভ্রাম্যমাণ বিক্রেতা হাসিব প্রতি পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ৭০ টাকায়, যা কেজিতে ২৮০ টাকা হয়। একই এলাকায় আরেক বিক্রেতা প্রতি পোয়া ৬০ টাকা হিসেবে কেজি ২৪০ টাকায় মরিচ বিক্রি করছেন।
বাজারে আসা এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন সেটি ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টিতে অনেক এলাকার সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে উৎপাদন কমেছে এবং খেত থেকে সবজি সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আরো পড়ুন: