টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বর্তমানে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, আর পুরোনো মরিচের দাম উঠেছে ৩২০ টাকায়। এতে নিত্যপ্রয়োজনীয় সবজির বাজারে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের কয়েকটি বাজারে দেখা গেছে, বৃষ্টির কারণে খেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পানিতে কাঁচামরিচ দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে সব ধরনের সবজির দামে।
ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগেও নতুন কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে। আর এক সপ্তাহ আগে একই মরিচের দাম ছিল ১২০ টাকা কেজি। টানা বৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যেই দাম কয়েক গুণ বেড়েছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায়। এছাড়া প্রতিটি মিষ্টি কুমড়া ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
সবজি বিক্রেতা মোশাররফ বলেন, “মরিচের বাগানে পানি উঠলে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। অনেক মরিচ পচে গেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার দাম কমতে পারে।”
তিনি জানান, এক সপ্তাহ আগেও ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছেন। এর আগে দাম ছিল ৮০ টাকা। কয়েক দিন আগে দাম বেড়ে ২৪০ টাকা হলেও এখন তা ৩২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
ক্রেতারা বলছেন, অল্প সময়ের ব্যবধানে মরিচের দাম এত বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে। বাজারের ক্রেতা জেবিন তালুকদার বলেন, “কয়েক দিন আগেও মরিচ কিনেছি ২০০ টাকা কেজি দরে। আজ এসে শুনছি ৩২০ টাকা। বৃষ্টির কারণে দাম বাড়তে পারে, কিন্তু এতটা বেড়ে যাওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর।”
আরো পড়ুন: