মোহাম্মদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ২২:৪১

রাজধানীর একতা হাউজিংয়ে ও ঢাকা উদ্যানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ঢাকা উদ্যানের ৪ নম্বর রোডের একটি বেকারিতে অনুমোদনহীন ভাবে পাঁচটি ওভেন ও তিনটি স্টার বার্নার ব্যবহার করে ১ হাজার ৬৬৫ ঘনফুট গ্যাস ব্যবহারের দায়ে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ঢাকা উদ্যানের নিউ শাহজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ সংযোগ পাওয়ায় তা বিচ্ছিন্ন করা হয় এবং মালিক মো. জামালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, অভিযানে একতা হাউজিংয়ের ২ নম্বর রোডে প্রায় ১৫০ মিটার দীর্ঘ একটি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে প্রায় ১৫টি বাড়ির ৯০টি ডাবল বার্নারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত ১৪০ ফিট জিআই ও এমএস পাইপ, ছয়টি রেগুলেটর, তিনটি বুস্টার, দুটি স্টার বার্নার এবং ১২০ ফিট হুজ পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।