চরম বিদ্যুৎ বিড়ম্বনায় শিবগঞ্জবাসী

চরম বিদ্যুৎ বিড়ম্বনায় শিবগঞ্জবাসী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২২:২৩

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলায় শিবগঞ্জ পৌর এলাকায় চরম বিদ্যুৎ বিড়ম্বনায় পড়েছেন নেসকোর হাজার হাজার গ্রাহক। রাস্তার দু’ধারের বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজের কারণে সপ্তাহের প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হচ্ছে। নেসকোর কাজের এই ঢিমেতাল গতিতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা। 

শিবগঞ্জ পৌর এলাকায় গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো এখন অর্থিক ক্ষতির মুখে। 

খোঁজ নিয়ে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড়, জালমাছমারি, হাজিপাড়া, ছোটচক, বড়চকসহ বিভিন্ন এলাকায় ফার্নিচার শিল্পের জন্য বেশ পরিচিত। বিদ্যুৎ না থাকায় এই শিল্পের কাজে ব্যবহৃত আধুনিক মেশিনারিজ ব্যবহার করা যাচ্ছে না। ফলে সময়মতো অর্ডার সরবরাহ করতে পারছেন না কারিগররা। ছোট-বড় কারখানাগুলো দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। এতে শ্রমিকরা অলস বসে থাকলেও মালিক পক্ষকে গুণতে হচ্ছে লোকসান। 

একইসঙ্গে কম্পিউটার দোকান, ফটোকপি সার্ভিস এবং ফ্রিজিং পণ্য, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানদাররা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খুঁটি সরানোর কাজে যে পরিমাণ জনবল ও গতি থাকা প্রয়োজন, নেসকো তা নিশ্চিত করছে না। পরিকল্পিত ভাবে দ্রুত কাজ শেষ করার বদলে দিনের পর দিন সময়ক্ষেপণ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জনজীবনও অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতিদিন এই এলাকায় লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। 

ব্যবসায়ীরা দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে খুঁটি সরানোর কাজ শেষ করার এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ বাজারের ইঞ্জিয়ারিং ওয়ার্কশপের স্বত্ত্বাধীকারি বিপ্লব বলেন, 'শিবগঞ্জ বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দোকানের অনেক গ্রাহক বাড়ি ফিরে গেছেন।'

শিবগঞ্জ পৌর এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, 'সকাল হলেই বিদ্যুৎ চলে যায়, আসে সন্ধ্যায়। অল্প কিছু লোক দিয়ে খুঁটি সরানোর কাজ চলছে অত্যন্ত ঢিমেতালে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা দিন দিন আরও ক্ষতির মুখে পড়বে।

ইসরাইল মোড় এলাকার বাসিন্দা ফেরদৌস আলম বলেন, 'এমনিতেই সপ্তাহের প্রায় দিনই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এরপরও অনেক দিন নোটিশ কিংবা মাইকিং ছাড়াই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে করে আমাদের আরও বিপাকে পড়তে হয়।'

নেসকো পিএলসি’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) আলিউল আজিম বলেন, 'চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় সড়কটির দু'ধারের বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ চলছে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়। প্রায় ৩ মাস ধরে বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ চলছে। যা এখন পর্যন্ত চলমান রয়েছে।'

তিনি বলেন, 'আমাদের এই কাজের জন্য যথেষ্ট লোকবল রয়েছে। কাজও পুরোদমে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী অল্প কিছু দিনের মধ্যে কাজ শেষ হবে। এরপরেই নেসকোর গ্রাহকরা নিরবিচ্ছন্ন বৈদ্যুতিক সেবা পাবে।'