আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার ৮টি ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সোলার প্যানেল বসানো হবে।
বুধবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'থানচি উপজেলার মোট ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত এবং এসব কেন্দ্রে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে পরিচালনার জন্য বিকল্প হিসেবে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হবে।'
ইউএনও বলেন, 'শুধু আলোর ব্যবস্থাই নয়, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দায়িত্ব পালন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।'
নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, 'ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়- সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।'
আরো পড়ুন: