চীন ২০৩০ সালের মধ্যে পশ্চিম থেকে পূর্বে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের সক্ষমতা ৪২০ গিগাওয়াটের বেশি করার লক্ষ্য নিয়েছে। একইসঙ্গে সবুজ রূপান্তর এবং আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ প্রায় ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এই লক্ষ্যগুলো চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআসি) এবং ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ ভাবে প্রকাশিত নির্দেশিকায় তুলে ধরা হয়েছে।
সম্পদসমৃদ্ধ পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলের প্রধান চাহিদা কেন্দ্রে বিদ্যুৎ পৌঁছে দিতে দীর্ঘ দূরত্বের সঞ্চালন লাইন শক্তিশালী করার পাশাপাশি, নির্দেশিকায় ২০৩০ সালের মধ্যে প্রায় ৪০ গিগাওয়াট আন্তঃপ্রাদেশিক বিদ্যুৎ স্থানান্তর সক্ষমতা যোগ করার আহ্বান জানানো হয়েছে। এর লক্ষ্য হলো ‘সম্পদ বণ্টনকে সর্বোত্তম করার ক্ষেত্রে গ্রিডের সক্ষমতা কার্যকর ভাবে উন্নত করা’।
কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি- এর তথ্যমতে, পশ্চিম থেকে পূর্বে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের সক্ষমতা ২০২৫ সালের শেষ নাগাদ ৩৪০ গিগাওয়াটের বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এটি ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে থাকা ২৭০ গিগাওয়াটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। পত্রিকাটি অক্টোবরে এই তথ্য প্রকাশ করে।
বুধবার প্রকাশিত নতুন নির্দেশিকাগুলো এমন এক সময়ে এসেছে, যখন বেইজিং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ জোরদার করছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হাই-টেক উৎপাদনের মতো খাতে বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হওয়ায় বিদ্যুতের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে, চীন ২০৩০ সালের মধ্যে বিতরণকৃত নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের জন্য গ্রিডের সক্ষমতা ৯০০ গিগাওয়াটে উন্নীত করতে চায়। পাশাপাশি ৪ কোটিরও বেশি চার্জিং স্টেশনকে সমর্থন দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সূত্র: এসসিএমপি।
আরো পড়ুন: