উৎপত্তিস্থলেই গ্যাস বঞ্চনা

উৎপত্তিস্থলেই গ্যাস বঞ্চনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৩

আপডেট: ১১ জানুয়ারি, ২০২৬ ১৭:৫৯

মাটির নিচে গ্যাসের বিশাল ভান্ডার, অথচ মাটির উপরে থাকা মানুষই নিত্যপ্রয়োজনীয় কাজে গ্যাস পান না। অথচ সেখান থেকে উত্তোলিত গ্যাস সরবরাহ করা হয় দেশের অন্যান্য এলাকায়। 

এর প্রতিবাদ দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডের অবস্থান ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে নারী, পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। তারা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ড থেকে দেশের অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিয়মিত গ্যাস পাচ্ছেন না। আমরা সময়মতো বিল পরিশোধ করছি, কিন্তু রান্নার জন্য দিনের বেশির ভাগ সময় গ্যাসহীন থাকতে হয়। শীত মৌসুমে এই সমস্যা আরও বেড়েছে।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া।

অবস্থান কর্মসূচি চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

কাউতলি এলাকার গৃহিনী সুলতানা বেগম বলেন, 'সকালে গ্যাস থাকে না, দুপুরে আধা ঘণ্টা, রাতে এক ঘণ্টা। এ নিয়ে কতবার অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি।'

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, 'হোটেল-রেস্টুরেন্টের ব্যবসা মার খাচ্ছে। সিলিন্ডারের উপর নির্ভর করতে গিয়ে খরচ বেড়ে গেছে।'

ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ড দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৩০ শতাংশ যোগান দেয়। এখানে ২৭টি সক্রিয় কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। তবে স্থানীয় ভাবে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় নিয়মিত সংকট তৈরি হয়।