বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাসের সম্পদ কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন।
রিজভী বলেন, 'বাংলাদেশে এখনও যে কয়লা ও গ্যাস রয়েছে, সেগুলো দখলের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত।'
বিদ্যুৎ খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, 'ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি ভারতের নিজস্ব পরিকল্পনা কমিশন বাতিল করেছিল। তবে ফ্যাসিবাদী শাসনামলে একই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়।'
রিজভীর ভাষ্য অনুযায়ী, 'এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনো করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।'
আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।
Tag:
আরো পড়ুন: