এলপিজি সংকট কখন কাটবে জানালেন ব্যবসায়ীরা

এলপিজি সংকট কখন কাটবে জানালেন ব্যবসায়ীরা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ২০:৪৭

আপডেট: ২০ জানুয়ারি, ২০২৬ ২২:৫২

রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আশ্বস্ত করেছেন এলপিজি অপারেটররা।

মঙ্গলবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে উপদেষ্টাকে এ বিষয়ে আশ্বস্ত করেন তারা।

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে এবং রমজানে পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন জ্বালানি উপদেষ্টা।

সভায় ফাওজুল কবির বলেন, 'জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছে তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।'

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। 

বাড়তি দাম নেওয়ার বিষয় অস্বীকার করে এলপিজি অপারেটররা উপদেষ্টাকে বলেন, 'চলতি মাসে ১২টি কোম্পানি ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি আমদানির লক্ষ্য নিয়েছে। ফেব্রুয়ারিতে পরিমাণ বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ১০০ টন আমদানির পরিকল্পনা করা হচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে সংকট অনেকটাই কেটে যাবে।'

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ প্রমুখ।