আ'লীগ সরকারের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা

আ'লীগ সরকারের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ১১:৩৩

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৩

পতিত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের অনিয়ম-দুর্নীতি পর্যালোচনা নিয়ে গঠিত জাতীয় কমিটি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

মঙ্গলবার জমা দেওয়া এ প্রতিবেদনে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক নেতা এবং কিছু আমলা নিজেদের লাভের জন্য বেসরকারি কোম্পানিগুলোকে বিশেষ আইনের আওতায় ফেলে ব্যাপক সুবিধা দিয়েছে। এতে করে সংঘবদ্ধ গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

এছাড়া, আদানির চুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে জাতীয় কমিটি। 

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দুপুরে রেল ভবনে পর্যালোচনা কমিটির আহ্বায়ক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন জমা দেন। 

উপদেষ্টাকে জমা দেওয়ার পর প্রতিবেদনটির ব্যাপারে জানতে চাইলে বিচারপতি মইনুল কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, প্রতিবেদনটি এখন সরকারের কাছে। তারা এ ব্যাপারে পরে জানাবেন।

কমিটির আরেক সদস্য সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিকও কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘কমিটির দায়িত্ব শেষ হয়েছে। তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘প্রতিবেদনের ব্যাপারে তিনি কিছু জানেন না। এটা পড়ে এবং বিশ্লেষণ করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এটি কখন প্রকাশ করা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে পড়ে দেখি তারপর সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ০২ নভেম্বর জাতীয় কমিটি বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। ওইদিন কমিটির সদস্যরা এক সংবাদ সম্মেলনে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র বসানোর চুক্তি করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বিশেষ আইন ব্যাপক ভাবে অপব্যবহার করা হয়েছে। ওই চক্র বেশি দামে বিদ্যুৎ কিনতে পিডিবিকে চুক্তি করতে বাধ্য করেছে। 

কমিটির একজন সদস্য জানান- কমিটি আদানি, বিশেষ আইনে ৫০টির মতো আইপিপির চুক্তি এবং ক্যাপাসিটি চার্জসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করে দুর্নীতির ব্যাপক তথ্য পেয়েছে।

পতিত আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি পর্যালোচনা করতে জাতীয় কমিটি গঠন করা হয় ২০২৪ সালের শেষ দিকে।