বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ২১:৩৬

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের মহাপরিকল্পনা-২০২৫ এর খসড়া বাতিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য মেজবাহ উদ্দিন মাননু, মনোয়ারা বেগম ও বেসরকারি সংস্থা প্রান্তজনের মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ। 

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৬ থেকে ২০৫০ সালের দুই বছরের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনাটির খসড়া গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত না করেই তৈরি করা হয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের উপর উচ্চ ঝুঁকিপূর্ণ ও বহুমাত্রিক প্রভাবসম্পন্ন জ্বালানি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া এ পরিকল্পনায় পরিবেশ ও সমাজের প্রভাব পর্যাপ্ত ভাবে বিবেচনা করা হয়নি। তাই এ মহাপরিকল্পনা বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

গত ০৭ জানুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের এ মহাপরিকল্পনাটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়।