নারায়ণগঞ্জ ও এর আশপাশের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার রাতে তিতাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে।
এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের সমগ্র নারায়ণগঞ্জ এলাকা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখে পড়বেন। পাশাপাশি আশপাশের আরও কিছু এলাকাতেও গ্যাস সরবরাহ আংশিক ভাবে বিঘ্নিত হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Tag:
আরো পড়ুন: