বিদ্যুৎ ও জ্বালানি ক্রয়ে গোপন চুক্তি করবে না বিএনপি

বিদ্যুৎ ও জ্বালানি ক্রয়ে গোপন চুক্তি করবে না বিএনপি
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৬

বিদ্যুৎ ও জ্বালানি ক্রয়ে কোনো গোপন চুক্তি করা হবে না এবং সংশ্লিষ্ট সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএনপি। 

শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে এমন প্রতিশ্রুতি দেয় বিএনপি।

নির্বাচনি ইশতেহারে বিএনপি বলেছে, বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তিগুলো পুনর্গঠন করে জাতীয় স্বার্থ রক্ষা, প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং রাষ্ট্রের যৌক্তিক নিয়ন্ত্রণ বজায় রাখা হবে।  

ইশতেহারে ধাপে ধাপে পাঁচ মিলিয়ন টন পরিশোধন সক্ষমতার একটি নতুন অপরিশোধিত তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চট্টগ্রাম বা উপকূলীয় শিল্পাঞ্চলে স্থাপন করা হতে পারে। দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সকে শক্তিশালী করা হবে এবং স্থলভাগ ও সমুদ্রভাগে ভূতাত্ত্বিক জরিপ ও খনন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

জ্বালানির দাম সাশ্রয়ী ও স্বচ্ছ রাখতে ট্যারিফ নির্ধারণ প্রক্রিয়া শক্তিশালী করা হবে। প্রয়োজন হলে স্বাধীন পর্যালোচনা ব্যবস্থা চালুর অঙ্গীকার করা হয়েছে। গ্যাস বিতরণ ব্যবস্থা ও মূল্যনীতিও পর্যালোচনা করে গৃহস্থালি ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন, ন্যায্য ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করা হবে। 

আঞ্চলিক ও আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন এবং জ্বালানি সহযোগিতার মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারের কথাও বলেছে বিএনপি। প্রত্যন্ত ও বঞ্চিত এলাকায় সৌর হোম সিস্টেম, মাইক্রোগ্রিড ও বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমে জ্বালানি বৈষম্য কমাতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।