অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধে কাজ করবে সজাগ অ্যাপ

অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধে কাজ করবে সজাগ অ্যাপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩১

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪৫

অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধে কাজ করবে সজাগ অ্যাপ। আর তেল ও গ্যাসের উৎপাদন, মজুত, সরবরাহ, বিপণন সম্পর্কিত রিয়েল-টাইম ডেটা পাওয়া যাবে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডে। জনসেবা আরও জনবান্ধব করতে এছাড়াও আরও তিনটি অটোমেশন উদ্যোগের উদ্বোধন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এগুলো হলো- কেয়ার স্টেশন, এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, ওয়েল পারচেজ নেগোসিয়েশন, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং সজাগ অ্যাপ ও অটোমেশন সেবা উদ্বোধন করা হয়।

রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে এসব সেবা উদ্বোধন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কেয়ার স্টেশনের মাধ্যমে দেশের ফিলিং স্টেশনের টয়লেটগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার ফিলিং স্টেশনের টয়লেট নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

অন্যদিকে, বিস্ফোরক লাইসেন্স সেবায় জনভোগান্তি ও স্বচ্ছতার জন্য চালু করা হচ্ছে এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন সেবা। এছাড়া ওয়েল পারচেজ নেগোসিয়েশনের মাধ্যমে পেট্রোলিয়াম জাতীয় সব দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে সরকারি অর্থের টাকার অপচয় রোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অ্যাপ ও অটোমেশনগুলোর নানা কার্যক্রম দেখে সেসব আরও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, 'এগুলোর বেশির ভাগ চালু করার মতো প্রস্তুত নয়, তারপরও আমি উদ্বোধন করে দিলাম। এগুলো আরও জনবান্ধব করতে হবে।'

উপদেষ্টা বলেন, 'এসব দিয়ে মানুষের কী উপকার হবে, তারা কি টয়লেট পরিষ্কার পাবে, সত্যি কি তারা দ্রুত বিস্ফোরক লাইসেন্স পাবে? সেটা নিশ্চিত করতে হবে।'