নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩

আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৭

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার মন্ত্রণালয়ে প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'গ্রীষ্ম এবং রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।'

তিনি বলেন, 'এমন একটা সেক্টরে আমরা আছি বা এমন একটা সময়ে আমরা আসলাম যে, কাল থেকে রোজা শুরু হবে। আর বিদ্যুৎ ছাড়া কিছুই হয় না। সুতরাং এটা এনশিওর করতে হবে আপনাদেরকে।'

টুকু বলেন, 'এবং প্রত্যেকের মধ্যে একটা স্পিরিট থাকতে হবে যে, এই রোজা আমরা নির্বিঘ্নে কাটিয়ে দেব। যত কম সম্ভব লোডশেডিং দিয়ে। টেকনিক্যাল কারণে হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, সেইটা আলাদা।'

কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, 'আমার কাজ হবে যে প্রস্তুতি নেওয়া আছে তা এগিয়ে নেওয়া। এরপর আমরা চলে যাব এবং আপনারা থাকবেন। আমরা চাই এমন একটা প্রশাসন থাকুক, যে প্রশাসনের কাছে থাকবে শুধু বাংলাদেশ। যেমন আমার প্রাইম মিনিস্টার বলছে ‘বাংলাদেশ ফার্স্ট’, আমাদের কাছেও ‘বাংলাদেশ ফার্স্ট’।'

বকেয়া পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপপা) শঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'তারা যদি এই কথা বলে থাকে তাহলে নতুন সরকারকে ব্ল্যাকমেইল করা হবে।'

বিদ্যুৎখাতের দুর্নীতি রোধ ও শৃঙ্খলা নিশ্চিত করাও তার সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।