গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলায় রমজান মাসে সিএনজি স্টেশন পরিচালনায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।
শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে চাপ কমে যাওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তে বন্ধের সময় আরও তিন ঘণ্টা বাড়ানো হলো।
তবে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে বলা হয়েছে, যাতে মহাসড়কে যানবাহন চলাচলে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
সরকার আরও জানিয়েছে, ২৬ মার্চ থেকে আগের সময়সূচি অনুযায়ী আবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
জ্বালানি ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে গৃহস্থালি গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিতরণ লাইনে চাপ কমে যায়। সেই চাপ সামাল দিতেই এ ধরনের সময়ভিত্তিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
আরো পড়ুন: