ভঙ্গুর বিদ্যুৎখাতকে নতুন করে সাজাতে হবে: মন্ত্রী

ভঙ্গুর বিদ্যুৎখাতকে নতুন করে সাজাতে হবে: মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 'বিগত ১৭ বছরে শেখ হাসিনা বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট চালিয়েছেন এবং এই খাতকে ধ্বংস করেছেন। ক্যাপাসিটি চার্জের নামে হাসিনার ঘনিষ্ঠদের লুটপাট ও টাকা পাচারের সুযোগ করে দেওয়া হয়েছিল। বিদ্যুৎ হচ্ছে দেশের উন্নয়নের চাবিকাঠি; তাই এখন এই ভঙ্গুর বিদ্যুৎ খাতকে নতুন করে সাজাতে হবে।'

শুক্রবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'হাসিনা আমলে বিদ্যুতের ওপর বসানো অতিরিক্ত চার্জ শীঘ্রই প্রত্যাহার করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।'

শহরের শৃঙ্খলা রক্ষায় তিনি বলেন, 'চাঁদাবাজি বন্ধে শহরের এস এস রোডের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ফুটপাতের দোকানদারদের নির্দিষ্ট একটি স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।'

আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

জুমার নামাজ শেষে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার নতুন সরকার এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।