রাজধানীর যেসব এলাকায় সোমবার গ্যাসের স্বল্পচাপ থাকবে

রাজধানীর যেসব এলাকায় সোমবার গ্যাসের স্বল্পচাপ থাকবে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৪

আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৪

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় সোমবার সকালে নির্ধারিত পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে সাময়িক ভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পাইপলাইন প্রতিস্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বল্পচাপের প্রভাব পড়বে শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের ওপর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাজ চলাকালে কিছু স্থানে গ্যাসের চাপ উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে পুরোনো পাইপলাইন প্রতিস্থাপন কার্যক্রম নিয়মিত ভাবে না হওয়ায় প্রায়ই সরবরাহ বিঘ্নিত হয়। তবে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কাজ দীর্ঘমেয়াদে গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলতে পারে।

এদিকে, সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সরবরাহ পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছে।