তেলের দাম বিশ্ব বাজারে নিম্নমুখী

তেলের দাম বিশ্ব বাজারে নিম্নমুখী
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৩৮

বিশ্ব বাজারে তেলের দাম কমেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৯.৯০ ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ১.০৬ ডলার বা ১.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৩৬ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিতে বৃহস্পতিবার বিশ্ব বাজারে তেলের দাম কমেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ৬০ লাখ ব্যারেল বেড়েছে- যা গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় উল্লম্ফন।

উবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, 'বাজার এখন যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় দফা আলোচনার ফলাফলের দিকে নজর রাখছে।'

মধ্যস্থতাকারী দেশ ওমান আশা প্রকাশ করেছে, পারমাণবিক বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক ও সৃজনশীল ধারণা বিনিময়ের পর আরও অগ্রগতি করবে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আলোচনাকে গুরুতর বলে উল্লেখ করেছেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ব্রেন্টের দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে, যখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করে।

সূত্র: রয়টাস।