প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করলো কাতার

প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করলো কাতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ২১:১৪

আপডেট: ২ মার্চ, ২০২৬ ২১:২৩

ইরানের ড্রোন হামলার কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি। সোমবার এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

এক বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

কাতারএনার্জি বলেছে, 'ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।'

বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম দেশটির ওই কোম্পানি।

ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতারএনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়ায় তা বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

সূত্র: আল জাজিরা।