গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন। বুধবার বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
এদিকে, একই কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ।
ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম পরিবেশবান্ধব দুই হাজার ৮৪০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
কারখানা সূত্রে জানা যায়, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন দুই হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারখানার সার উৎপাদন সম্পূর্ণ ভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া।
সূত্রে আরও জানা যায়, সার কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়। গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে।
তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তা।
আরো পড়ুন: