পরিস্থিতি পর্যবেক্ষণে পেট্রোল পাম্পে জ্বালানি মন্ত্রী

পরিস্থিতি পর্যবেক্ষণে পেট্রোল পাম্পে জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ২০:২৩

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন। পরিস্থিতির খোঁজ নিতে শুক্রবার দুপুরে রাজধানীর একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সে সময় জ্বালানি তেল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন দেখে তিনি বলেন, ‘অস্থির হয়েন না। খামাখা সময় নষ্ট করতেছেন।’

পরে পাম্পের মালিকের খোঁজ করেন মন্ত্রী। তখন এক ব্যক্তি এগিয়ে এলে মন্ত্রী তাকে বলেন, ‘একবারে খায়া ফেলালে, যুদ্ধ চলতেছে, গাড়ি নিয়ে বসে থাকা লাগবে। সবাইকে বুঝায়া বইলো- ভাই তেল আছে আমাদের, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ রাখতেছি।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আপনার সংসারে যদি এক মণ চাল থাকে আর যদি সাপ্লাই না থাকে, আপনি কম করে খাবেন না? এটা সবাইকে বলেন। আর দুই হাজার টাকার (প্রাইভেটকারের জন্য) বেশি (তেল) দেবেন না।’

সে সময় মন্ত্রী জিজ্ঞাসা করলে পাম্পের কর্মচারী বলেন, 'মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।' তখন মন্ত্রী বলেন, 'ঠিক আছে।'