বাংলাদেশে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম মার্চ মাসের জন্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের মূল্য লিটারপ্রতি ১৭ টাকারও বেশি বেড়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন ঘোষণায় বলা হয়েছে, মার্চ মাসে অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। ফেব্রুয়ারি মাসে একই জ্বালানির দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। ফলে এক মাসের ব্যবধানে লিটারপ্রতি ১৭ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে পরিচালিত ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। মার্চের জন্য লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ০.৭৩৮৪ মার্কিন ডলার, যা গত মাসে ছিল ০.৬২৫৭ ডলার।
এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দাম ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ ডলার নির্ধারণ করা হয়।
খাত সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে তা ভবিষ্যতে বিমান ভাড়া ও পরিচালন ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট খরচের পরিবর্তনের ভিত্তিতে এভিয়েশন জ্বালানির দাম নিয়মিত পর্যালোচনা করে নির্ধারণ করা হয়।
Tag:
আরো পড়ুন: