বাংলাদেশি জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে ইরান

বাংলাদেশি জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ২১:৫৭

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজে কোনো বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে ইরান।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই তা জানাতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধরত দেশটি। তাই দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন জ্বালানি খাতের কর্মকর্তারা।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদীর মধ্যে বৈঠক হয়েছে। জ্বালানি বিভাগের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজন হলে বিভিন্ন দেশের সহযোগিতা নেওয়ার জন্য সরকার যোগাযোগ রাখছে।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজন হলে চীন সহায়তা দিতে প্রস্তুত।