জাতীয় গ্রিডের ত্রুটি কাটিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুই ইউনিট পুনরায় চালু

জাতীয় গ্রিডের ত্রুটি কাটিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুই ইউনিট পুনরায় চালু
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ২১:৪০

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের দুটি উৎপাদন ইউনিট পুনরায় চালু করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ সীমিত থাকায় ইউনিটগুলো এখনো পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধানের পর শুক্রবার রাতেই ধাপে ধাপে ইউনিট দুটি চালু করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, নর্থ ইউনিটটি রাত প্রায় ৮টার দিকে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হয় এবং সাউথ ইউনিটটি মধ্যরাতের দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। হঠাৎ করে ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় চালু করতে কিছু প্রযুক্তিগত সমন্বয় প্রয়োজন হয়, যার কারণে সময় লেগেছে।

তিনি আরও জানান, আশুগঞ্জের নর্থ ও সাউথ ইউনিট দুটি মিলিয়ে প্রায় ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় ইউনিটগুলোকে আংশিক লোডে পরিচালনা করা হচ্ছে।

এদিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ইস্ট ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে। এতে একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হয়েছে এবং তা মেরামতে আরও প্রায় দুই দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

এর আগে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার দুপুরে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুটি ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।