হরমুজ প্রণালির অবরোধে জ্বালানি তেলের দাম বাড়ছে

হরমুজ প্রণালির অবরোধে জ্বালানি তেলের দাম বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৬:৪০

হরমুজ প্রণালিতে অবরোধের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। সোমবারের তুলনায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বড়েছে ৩ শতাংশেরও বেশি।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-উভয়েরই দাম বেড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৮৫ ডলারে। সোমবারের তুলনায় মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম (ব্যারেলপ্রতি) ৩ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআই এর দাম (ব্যারেলপ্রতি) ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক বিভিন্ন সংস্থা জানিয়েছে, বাজারের এই চড়াভাবের প্রধান কারণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ। এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সামনের দিনগুলোতে বাজারে বড় অস্থিতিশীলতার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

বৈশ্বিক জ্বালানির বাজার পর্যবেক্ষক সংস্থা ফিলিপ নোভার জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব রয়টার্সকে বলেছেন, 'আন্তর্জাতিক তেলের বাজারের পরিস্থিতি বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ওপর ব্যাপক ভাবে নির্ভর করছে।'