কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা, বাড়ল গ্যাসের দাম

কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা, বাড়ল গ্যাসের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৭:৫২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে যাওয়ার পর বিশ্ব বাজারে গ্যাস ও তেলের দামের ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের পাইকারি বাজারে গ্যাসের দাম প্রতি থার্ম ১৭১.৩৪ পেন্সে (২.২৯ ডলার) গিয়ে ঠেকেছে।

ব্রিটেনে ২০২৩ সালের জানুয়ারির পর গ্যাসের দাম আর কখনোই ওই পর্যায়ে পৌঁছায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যে পাইকারি গ্যাসের দাম ৭১.১৩ পেন্স (১.৩৩ ডলার) থেকে প্রায় ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্য এখনও আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপক ভাবে নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও কাতার থেকে আসা গ্যাসেই চলে ব্রিটেন।

ইউরোপ এই যুদ্ধের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়াতে চায় না ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয়।

কিন্তু একইসঙ্গে জ্বালানি সংকটে ভুগছে ইউরোপ। ইউরোপের অন্যতম প্রধান উৎস কাতারের গ্যাস ক্ষেত্রে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

সূত্র: আল জাজিরা।