অবৈধ ভাবে জ্বালানি মজুদ করায় ২ ব্যবসায়ীর কারাদণ্ড

অবৈধ ভাবে জ্বালানি মজুদ করায় ২ ব্যবসায়ীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ২০:৩৯

টাঙ্গাইলের সখীপুরে অবৈধ ভাবে মজুদকৃত ৫ হাজার ১৮০ লিটার জ্বালানি (৩৫১৬ লিটার ডিজেল ও ১৬৬৪ লিটার পেট্রোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের মালিককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা এ অভিযান পরিচালনা করেন। 

তিনি বলেন, 'পূর্বদেশ ফিলিং স্টেশনের অনুকূলে গত ২৪ মার্চ দিবাগত রাতে ৪৫০০ লিটার পেট্রোল ও ৪৫০০ লিটার ডিজেল সরবরাহ করা হয়। নিয়ম অনুযায়ী- ২৫ মার্চ তা নির্ধারিত মূল্যে বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা ফিলিং স্টেশনে সংরক্ষণ না করে মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে অবৈধ ভাবে মজুদে সহায়তা করে। অভিযানকালে মালিকের স্বীকারোক্তি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং উদ্ধারকৃত জ্বালানির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ভুক্তভোগীদের বরাতে প্রশাসন জানায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছিল, যা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। এ অপরাধে পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন:২০০৯ অনুযায়ী পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে লাইসেন্সবিহীন ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককে পেট্রোলিয়াম আইন:২০১৬ অনুযায়ী একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পুলিশ সদস্য ও প্রসিকিউশন কর্মকর্তাদের পাশাপাশি মেঘনা ডিপোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।