দেশের জ্বালানী তেলের চাহিদা মেটাতে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। শুক্রবার সকালে পাইপলাইনের মাধ্যমে এ তেল আনার কার্যক্রম শেষ হয়। সেই সাথে জ্বালানী সরবরাহের লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার অর্থাৎ ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছানোর লক্ষ্যে জ্বালানী তেল সরবরাহের কার্যক্রম শুরু করা হয়। এর প্রায় ৬০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছে ডিজেল। পরে সকাল সাড়ে ৮টার পর দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানী রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানীতে সরবরাহ করা হয়েছে।
কৃষিনির্ভর উত্তরাঞ্চলের ৮ জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদী ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ মো. আহসান হাবিব বলেন, শুক্রবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানীর তৃতীয় চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে তেল আনার ক্ষেত্রে ৪৮ থেকে প্রায় ৭২ ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে। তিন ধাপে ডিপোতে এ বছর এখন পর্যন্ত আনা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল। শনিবার আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে।'
Tag:
আরো পড়ুন: