চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ

চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৮:২৫

আপডেট: ২৭ মার্চ, ২০২৬ ১৮:২৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬ হাজার লিটার (প্রায় ৬ টন) অবৈধ জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিমানবন্দর এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ৬ হাজার লিটার (প্রায় ৬ টন)। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া জ্বালানি ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শেরপুরে নিয়মবহির্ভূত ভাবে আবাসিক ভবনে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

গত বুধবার (২৫ মার্চ) রাতে টাঙ্গাইলের সখীপুরে অবৈধ ভাবে মজুদকৃত ৫ হাজার ১৮০ লিটার জ্বালানি (৩৫১৬ লিটার ডিজেল ও ১৬৬৪ লিটার পেট্রোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের মালিককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা এ অভিযান পরিচালনা করেন।