ফুলপুরে পেট্রোল পাম্পে মিললো ২০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল

ফুলপুরে পেট্রোল পাম্পে মিললো ২০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৯:২৯

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার ৯ নম্বর আমুয়াকান্দা ওয়ার্ডে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। 

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে আমুয়াকান্দার পয়ারী রোডের কাড়াহা মোড় এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধ ভাবে মজুদ করা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত তেল পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর এ বি এম মোশারফ হোসেন এবং ফুলপুর থানার পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।