হাটহাজারীতে পাম্পে তেল থাকতেও বিক্রি না করায় জরিমানা

হাটহাজারীতে পাম্পে তেল থাকতেও বিক্রি না করায় জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ২২:১১

চট্টগ্রামের হাটহাজারীর একটি পাম্পে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, 'শনিবার রাতে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।'

তিনি বলেন, 'শনিবার বিকেলে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার বিষয়টি আমাদের নজরে আসে। রাতে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।'

শাহেদ আরমান বলেন, 'অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ৬ হাজার লিটার অকটেনের মজুদ পেয়েছি। তার মধ্যে শনিবার তারা ডিপো থেকে ৪ হাজার লিটার অকটেন এনেছিল পাম্পে।'

তিনি বলেন, 'পাম্পে তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই। যতক্ষণ জ্বালানি থাকবে, ততক্ষণ তাদের বিক্রি করতে হবে। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী এই অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি পুনরায় চালু করা হয়।