খুলনায় ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম, জরিমানা

খুলনায় ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম, জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১১:৩৮

আপডেট: ৩০ মার্চ, ২০২৬ ১১:৩৯

খুলনার বাইপাস সড়কের আড়ংঘাটার অদূরে আকন ফিলিং স্টেশনে ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জরিমানা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি।

এ সময় ফিলিং স্টেশনের ওই মেশিনটি বন্ধ রেখে পরিমাপ মান ঠিক করে বিএসটিআইর অনুমোদন নিয়ে চালু করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি এ তথ্য জানান।

তিনি বলেন, 'নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার গল্লামারী জিরো পয়েন্ট হয়ে আড়ংঘাটা এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান চলে। এ সময় তেলের মজুদ যাচাই-বাছাই করাসহ পরিমাপ মান পর্যবেক্ষণ করা হয়।'

আকন ফিলিংয়ের তিনটি মেশিনের একটিতে ওজনে কম দেয়ার বিষয়টি প্রতীয়মান হয়। এ সময় উপস্থিত বিএসটিআই'র প্রতিনিধি তার কাছে অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সাথে সাথে তা আদায় হয়।