মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। এবার ক্ষোভ প্রকাশ করলেন খোদ সংসদ সদস্যরা।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ অভিযোগ করেন।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, 'আজকে যদিও জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে যে, দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়।'
তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, 'তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না।'
তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।
এ সময় জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা।
Tag:
আরো পড়ুন: