সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মজুদকৃত দুই হাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাচনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ও পাচার রোধে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে মজুদকৃত দুই হাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়। জব্দকৃত এ ডিজেল পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।
বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, 'পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে তেল মজুদ বা পাচার করতে না পারে সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
Tag:
আরো পড়ুন: