ভোক্তাপর্যায়ে এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকা বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।
পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
বাংলাদেশে এলপিজি গ্যাসের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত হয়। এটি মূলত সৌদি আরামকো কোম্পানির ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস এবং ডলারের বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রতি মাসে সমন্বয় করা হয়। এই দামের সাথে জাহাজের ভাড়া, পরিবহন, ডিলার কমিশন ও অন্যান্য পরিচালন ব্যয় যুক্ত হয়ে ভোক্তাপর্যায়ে দাম ঠিক হয়।
Tag:
আরো পড়ুন: