জ্বালানি সংকটে ব্যাংকিং খাতে নতুন নিয়ম, লেনদেন ৩টা পর্যন্ত

জ্বালানি সংকটে ব্যাংকিং খাতে নতুন নিয়ম, লেনদেন ৩টা পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ১৭:৪৫

দেশব্যাপী জ্বালানি সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকিং খাতেও সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন অফিস ও লেনদেন সময় নির্ধারণ করে একটি নির্দেশনা জারি করেছে, যা রোববার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গ্রাহকদের জন্য লেনদেন চালু থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, রোববার থেকে বৃহস্পতিবার।

এই পরিবর্তন দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের সাম্প্রতিক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়মূলক উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই ব্যাংকিং খাতে এই সমন্বয় আনা হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত এলাকায় ব্যাংকিং কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর এলাকায় অবস্থিত শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে, যাতে বাণিজ্য ও কাস্টমস সংশ্লিষ্ট কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব মোকাবিলায় সরকার সম্প্রতি একাধিক কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে। গত ২ এপ্রিল ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অফিস সময় কমানো, শপিং মল দ্রুত বন্ধ করা এবং বাজারের কার্যক্রম সীমিত করা।

নতুন নির্দেশনাটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, জাতীয় পর্যায়ে জ্বালানি ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তা সমন্বয় করা হতে পারে।