সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও যান চলাচলে শৃঙ্খলা আনতে নেত্রকোণায় কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ছাড়া কোনো মোটরযানে পেট্রোল পাম্প থেকে জ্বালানি সরবরাহ করা যাবে না।
রোববার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরযান চালানো অবৈধ, এই বাস্তবতাকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে বিষয়টি কঠোর ভাবে মানতে হবে। কোনো অবস্থাতেই বৈধ কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি দেওয়া যাবে না। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পাম্পগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চেকপোস্ট স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প বা যানবাহনের চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: