বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান

বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ২২:২৮

শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহনখাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, 'গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহনখাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।'

তিনি আরও বলেন, 'ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে; তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।'

এনবিআর চেয়ারম্যান বলেন, 'পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই। অন্যায় করা হচ্ছে। আরও কিছুদিন এমন করা হবে। যতদিন সার্বিক কর্মকাণ্ড অনলাইন না হবে।'

তিনি বলেন, 'গতবার থেকে ৫০ শতাংশ আয় বাড়াতে বলা হয়েছে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।'

আলোচনায় পেট্রোলিয়াম ডিলার ও ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, ২৫ বছরের পুরোনো গাড়ি চলতে না দিলে ট্যাংক লরি পরিচালনা করা সম্ভব হবে না। তাই শূন্য শুল্কে চেসিস আমদানি করার সুযোগের দাবি তুলেছেন তারা। 

এনবিআর চেয়ারম্যান অবশ্য বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থ রক্ষা করার আশ্বাস দিয়েছেন।

আলোচনায় ইভি গাড়ি আমদানিকারক ও উৎপাদকরা সিসি এবং কিলোওয়াটের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে রেজিস্ট্রেশন খরচ কমানোর প্রস্তাব দেন। বিপরীতে, ইভি গাড়ি ব্যবহার বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও জানিয়েছেন এনবিআর।

এছাড়া, জেট ফুয়েলের দাম অত্যাধিক বেড়ে যাওয়া সত্ত্বেও কর কমানোর বিষয়ে চুরি রোধের কারণে কোনো উদ্যোগ নেয়ার পরিকল্পনা বর্তমানে নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান।

আলোচনায় যুক্ত হয়েছিলেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ); বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ); বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ); বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ); এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি); বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ); বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ); বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা); লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) এর নেতারা।