পেট্রোল গায়েবের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

পেট্রোল গায়েবের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৮:৪৩

ময়মনসিংহের গৌরীপুরে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন থেকে পেট্রোল গায়েবের ঘটনায় মালিক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজিজুল হককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে আজিজুল হক মালিকানাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় অবস্থিত মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পেট্রোল গায়েবের ঘটনায় ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে (৩০) গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃত জলিল উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম (২৭) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। 

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক বলেন, 'ভ্রাম্যমাণ আদালতের কাছে তার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারে নাই। কয়েক দিন হয়েছে মাত্র তার নিয়োগ হয়েছে। তিনি যে পরিমাণ তেল পেয়েছেন তার সবটুকুই বিক্রি করেছেন।'

মামলা সূত্রে জানা যায়, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১, ২ ও ৩ তারিখ ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পান। কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে এ নিয়ে সর্বমোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রোল বরাদ্দ পায় ফিলিং স্টেশনটি।

গ্রেপ্তার ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে জানান, এ মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রোল বিতরণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয় যে ফিলিং স্টেশনটি অসৎ ভাবে তেল ব্যবসা বা অবৈধ মজুতের সঙ্গে জড়িত রয়েছে। 

এছাড়াও, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত জনতা, দোকানি ও মোটরসাইকেল চালকরা জানান, এ মাসে মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে মাত্র একদিন পেট্রোল বিতরণ করা হয়েছে।

তেল বিতরণে নিয়োজিত তদারকি কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, '০৩ এপ্রিল আমাকে অবগত করা হয় যে পেট্রোল বরাদ্দ পেয়েছে, যা ০৪ এপ্রিল বিতরণ করা হয়।'