তেল বিক্রি হবে ‘ফুয়েল পাস’ অ্যাপে

তেল বিক্রি হবে ‘ফুয়েল পাস’ অ্যাপে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৭

আপডেট: ৯ এপ্রিল, ২০২৬ ১৭:০৭

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বলেছেন, 'রাজধানীর দুটি পেট্রোল পাম্পে পরীক্ষামূলক ভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হচ্ছে।'

বৃহস্পতিবার সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন বলেন, 'পরীক্ষামূলক ভাবে আমরা দুটি ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি- একটি আসাদগেটের সোনার বাংলা, আরেকটি তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। এরই মধ্যে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, অনেকেই রেজিস্ট্রেশন করছেন। আমার মনে হয় রেজিস্ট্রেশনকারীর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।'

তিনি বলেন, 'তবে এই কাজটা একটু সময়সাপেক্ষ। আমরা মোটরসাইকেলে ফোকাস করে দুটি ফিলিং স্টেশনে কাজটি শুরু করেছি। আশা করি ধীরে ধীরে ঢাকা শহর পুরোটা কাভার করতে পারবো। এরপর হয়তো আমরা এটি দেশব্যাপী রেপ্লিকেট করার চেষ্টা করবো।'