দেশব্যাপী অবৈধ ভাবে মজুত করা প্রায় ৫০ হাজার লিটার জ্বলানি ও ভোজ্যতেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিভিন্ন জেলায় অসাধু ব্যবসায়ীদের মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, 'বাজারে অস্থিরতা তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'অভিযানে চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী মোজ্জারটেক বাজার, সদরঘাট ও মেডিক্যাল রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গোডাউন থেকে অবৈধ ভাবে মজুত করা অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল জব্দ করা হয়।'
ইন্তেখাব চৌধুরী বলেন, 'এসব অভিযানে মোট ৪৫ হাজার ৫৪৯ লিটার তেল উদ্ধার করা হয়। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব ও অবৈধ মজুতের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয়েছে।'
তিনি বলেন, 'সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুতের দায়ে দু'জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।'
তিনি আরও বলেন, 'অন্যদিকে ফরিদপুরের কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ায় এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।'
ইন্তেখাব চৌধুরী বলেন, 'কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।'
Tag:
আরো পড়ুন: