জ্বালানি গ্যাস নিয়ে আরও ৩ জাহাজ চট্টগ্রাম বন্দরে

জ্বালানি গ্যাস নিয়ে আরও ৩ জাহাজ চট্টগ্রাম বন্দরে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ২১:৫৩

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আরও তিনি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার ও শনিবার জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। আরও দুটি জাহাজ পথে রয়েছে। ওই দুটি জাহাজেও এলএনজি ও এলপিজি রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এ চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি রয়েছে।

এদিকে, শুক্রবার মধ্য রাত থেকে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুই জাহাজের খালাস প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। শনিবার রাতের মধ্যে জাহাজ দুটির খালাস কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, শনিবার মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ‘কংটং’ নামক জাহাজ পৌঁছায়। এর আগে শুক্রবার একই টার্মিনালে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে পৌঁছায় ‘ইএমইআই’ নামক একটি জাহাজ। একইদিন মালয়েশিয়া থেকে ২ হাজার ৪৭০ টন কার্গো নিয়ে ‘মর্নিং জেলি’ নামক একটি এলপিজি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 

আগামী ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামে একটি জাহাজ ও ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘ম্যারান গ্যাস হাইড্রো’ নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সবমিলিয়ে চলতি মাসে ৯টি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে দুটি জাহাজ চলে এসেছে। প্রতিটি জাহাজে ৬৯-৭০ হাজার টন জ্বালানি রয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বলেন, 'গত শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত জ্বালানিবাহী পাঁচটি জাহাজ আসছে। এর মধ্যে তিনটি চলে এসেছে। বাকি দুটি পথে রয়েছে।'

এদিকে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামক একটি ট্যাঙ্কার বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে ভিড়েছে ২৫ হাজার ৮৬৪ হাজার টন ফার্নেস অয়েলবাহী ‘এমটি ইস্টার্ন কুইনস’ নামে আরও একটি জাহাজ। শুক্রবার মধ্য রাত থেকে এ দুটি জাহাজের খালাস শুরু হয়েছে। শনিবার রাতের মধ্যে খালাস শেষ হওয়ার কথা রয়েছে। 

বিপিসির এক কর্মকর্তা এ তথ্য জানান।